অনলাইন ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আমীর খসরু বলেন, “ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী। নির্বাচন কমিশন ও সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে তারা অবজারভার দল পাঠাবে। তারা একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।”
তিনি বলেন, “বিদেশিদের কাছে আমাদের কোনো অভিযোগ বা নালিশ নেই। বাংলাদেশে কী হবে, তা জনগণই নির্ধারণ করবে। তবে ইইউ সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রেখেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।”
বিএনপি নেতা আরও জানান, ইইউ কেবল নির্বাচন নয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সংসদকে কার্যকর রাখা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করতে চায়।