নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ–কসোভো দ্বিপাক্ষিক সম্পর্ক, এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, ভবিষ্যতেও কসোভো বাংলাদেশের পাশে থাকবে, এবং পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী।