অনলাইন ডেস্ক
রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং নীতিগত অস্থিরতার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে বড় ধরনের ধস নেমেছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রায় ৬২ শতাংশ কমেছে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI)।
বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত পরিসংখ্যান বলছে, এই সময়ের মধ্যে নিট এফডিআই এসেছে মাত্র ৩০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, যেখানে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ছিল ৭৮ কোটি ৮০ লাখ ডলার।
কমেছে ৬১.৫২% (প্রথম প্রান্তিকের তুলনায়)
নতুন ইকুইটি বিনিয়োগ কমেছে প্রায় ৬৯%
আয় পুনর্বিনিয়োগ কমেছে ১২%
ইন্টার-কম্পানি ঋণ কমেছে ৮৪%
সিএসপিএস-এর নির্বাহী পরিচালক ড. মিজানুর রহমান বলেন, “রাজনৈতিক রূপান্তরের সময় বিনিয়োগকারীরা স্বভাবতই অপেক্ষার কৌশল নেয়। এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। স্থিতিশীলতা ছাড়া পশ্চিমা বিনিয়োগকারীরা ঝুঁকি নেয় না।”
গত আগস্টে গণ-আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের পর দেশে বিনিয়োগের পরিবেশে অনিশ্চয়তা বেড়ে যায়। একইসঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের আরও সতর্ক করে তোলে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) জানিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদল আসছে, আলোচনা চলছে, তবে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় নতুন বিনিয়োগে কেউই চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছেন না।
অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে, আগামী নির্বাচন ঘিরে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। স্থিতিশীলতা ও শক্তিশালী নীতিগত দিকনির্দেশনা ছাড়া টেকসই বিনিয়োগ প্রত্যাশা করা কঠিন।