অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারটি গ্রহণ করেন গণমাধ্যমটির সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল।
"অসুস্থ অবস্থায় খালেদা জিয়া আজ জীবনের লড়াই লড়ছেন"
খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, “আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিবার অবদান রেখেছেন, যখনই তা হরণ হয়েছে। তিনি আপস করেননি। কিন্তু আজ তিনি একজন অসুস্থ মানুষ। মিথ্যা মামলায় তাকে জেলে নেওয়া হয়েছিল, যেখানে তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা দেখেছি, একজন সুস্থ মানুষ জেলে গেছেন, কিন্তু ফিরে এসেছেন একজন অসুস্থ মানুষ হিসেবে।”
তারেক রহমান বলেন, “যদি তার শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তবে তিনিও অবশ্যই আগামী নির্বাচনে কোনো না কোনো ভূমিকা রাখবেন। তবে সরাসরি প্রার্থী হবেন কি না, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব ও নিজের রাজনৈতিক যাত্রা
ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “রাজনীতি উত্তরাধিকার নয়, এটা জনসমর্থনের ভিত্তিতে হয়। যে জনগণকে এবং দলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে পারবে, সেই এগিয়ে যাবে। আমি রাজনীতি করেছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। কাজেই এই পথ আমি হেঁটেছি, এখন জনগণই প্রমাণ করবে কে এগিয়ে যাবে।”
তিনি বলেন, “রাজনৈতিক পরিবার থেকে এলেই সফল হওয়া যায় না। যেমন—ডাক্তার বা আইনজীবীর সন্তান সবাই ভালো ডাক্তার বা লয়ার হয় না, তেমনি রাজনীতিতেও যোগ্যতা ও কাজের মাধ্যমেই সিদ্ধান্ত আসে।”
প্রার্থী মনোনয়ন ও বিএনপির অবস্থান
সাক্ষাৎকারে তারেক রহমান জানান, দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা, জনপ্রিয়তা ও দলের আদর্শ—সবই বিবেচনায় নেওয়া হবে। তিনি আরও বলেন, “নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে না, জোটগতভাবেই এগোবে।”