নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করাকে তিনি “জীবনের শেষ সুযোগ” হিসেবে নিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষে একা এটি সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এজন্য সকল শ্রেণির জনগণের সহযোগিতা কামনা করেছেন।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, "একটি বিশেষ পরিস্থিতিতে, বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদের নির্বাচন আয়োজন করতে হচ্ছে। এটিকে আমি দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে দেখছি। আমার প্রতিশ্রুতি, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।"
সিইসি আরও জানান, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর সাড়ে ২১ লাখ মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং ৪৫ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে। নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ আগে নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় ৩০ লাখ কম ছিল।
নাসির উদ্দীন বলেন, এবার প্রবাসী ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। সেইসঙ্গে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিতেই সাবেক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এই সংলাপ আয়োজন করা হয়েছে।
ইসি আগেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক সংলাপ করেছে। এসব সংলাপে সাংবাদিকরা আইনশৃঙ্খলা, হলফনামা যাচাই, নির্বাচন পর্যবেক্ষকসহ নানা বিষয়ে প্রস্তাব দিয়েছেন।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে বলেছেন, “নির্বাচনে কোথায় কীভাবে জালিয়াতি হয়, কোথায় বিরতি থাকে—তা মাঠের লোকেরাই ভালো জানেন। তাই তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচন আরও স্বচ্ছ করতে চাই।”