অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনের বাইরে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানান।
তারেক রহমান বলেন, ইউনূস একজন স্বনামধন্য ও বিজ্ঞ মানুষ। তাদের মধ্যে মূলত সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর পাশাপাশি ড. ইউনূস তাকে জিজ্ঞেস করেছিলেন, যদি জনগণ বিএনপিকে ক্ষমতা দেয়, তাহলে তারা দেশের জন্য কী ধরনের পদক্ষেপ নেবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি আরও বলেন, “আমার চিন্তাভাবনা দেশের মানুষ, জনগণ ও দেশের উন্নয়ন নিয়ে। আমরা সুযোগ পেলে কী কী কাজ করব, সে ব্যাপারে কিছু কিছু আলোচনা হয়েছে।”
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সৃষ্টি সন্দেহ সম্পর্কে তারেক রহমান বলেন, “শুরুর দিকে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকায় সন্দেহ ছিল। তবে পরে যখন ড. ইউনূস নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন ও দৃঢ় অবস্থান নেন, তখন অনেকের সন্দেহ কেটে যাচ্ছে।”
তারেক রহমান বিশ্বাস প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকারের কাজ ও বক্তব্য যত বেশি দৃঢ় হবে, সন্দেহ ততই কমে যাবে।