অনলাইন ডেস্ক
দেশে এখনও টেকসই ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনো দেশের জন্য একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো গড়ে উঠেনি যা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। বর্তমান বাস্তবতায় তাই কিছু মৌলিক ও সীমিত লক্ষ্য অর্জনকে প্রধান উদ্দেশ্য হিসেবে ধরা হচ্ছে।
সেমিনারে আলোচিত হয় ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সি. এঙ্গারম্যানের বই ‘Apostles of Development: Six Economists and the World They Made’, যেখানে দক্ষিণ এশিয়ার ছয় প্রভাবশালী অর্থনীতিবিদের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। এজন্য স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা না করলে সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে না। বাজারভিত্তিক অর্থনীতি থেকে সরে আসা কঠিন হলেও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে, বাজারব্যবস্থা ন্যায্যতা ও সামাজিক সমতা বজায় রাখে।
পরিকল্পনা উপদেষ্টা মনে করেন, সফল গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে ভবিষ্যতে নীতি নির্ধারণের একটি নতুন অধ্যায় শুরু হবে। এতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের আদর্শ ও অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে হবে, যেমন—কে বাম, কে ডান, কে মধ্যপন্থী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান প্রফেসর রহমান সোবহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক প্রফেসর এ. কে. এনামুল হক।