অনলাইন ডেস্ক
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের কাছ থেকে আবেদনের মূল কপি (হার্ড কপি) চেয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কর্মকর্তাদের আবেদনপত্রের মূল কপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনগুলো পাঠাতে হবে—
সদস্যসচিব, মহাপরিচালক, প্রশাসন ও ব্যবস্থাপনা পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাস।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রায় ৪০০ বরখাস্ত কর্মকর্তা অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে বৈষম্য ও অন্যায্য ব্যবস্থার শিকার হয়েছেন। তাঁরা ব্রিটিশ আমলের ১৮৫৭ সালের আইনের অপব্যবহার করে চাকরিচ্যুত হয়েছেন বলে অভিযোগ করে পুনর্বহাল ও বিচারিক পুনর্মূল্যায়নের দাবি জানান।
তাদের দাবি, বর্তমান সরকারের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায়, সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আবেদনপত্র আহ্বানকে ভুক্তভোগীদের অনেকে ‘আশার আলো’ হিসেবে দেখছেন।