অনলাইন ডেস্ক
রাজধানীর হাজারীবাগের গণকটুলি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত নারী মাদক কারবারি সাবানা গ্রেফতার হয়েছেন। অভিযানে তার কাছ থেকে পুরিয়া করা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে আজিমপুর আর্মি ক্যাম্পের আওতাধীন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড (অজেয় চার)-এর একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সেনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাবানা গণকটুলিতে মাদক সরবরাহ ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত। স্থানীয় তরুণদের মাদকাসক্ত করার পেছনেও তার চক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাবানার নেতৃত্বে একটি সংঘবদ্ধ মাদকচক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর অপরাধকে প্রশ্রয় দিয়ে আসছিল। সেনা অভিযানে তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
অভিযান শেষে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধান শেষে সেনাবাহিনী সাবানাকে উদ্ধারকৃত মাদকসহ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন: “সেনাবাহিনী একজন নারী মাদক কারবারিকে মাদকসহ আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”