অনলাইন ডেস্ক
রাজধানীর হাজারীবাগে টানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসা কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী `ডন সাগর` সেনা অভিযানে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
এর আগে, সাগর ও তার সহযোগীরা নয়ন নামের এক যুবকের ওপর সশস্ত্র হামলা চালায়। নয়ন জানান, সকালবেলা বাসা থেকে বের হওয়ার পর ডন সাগর ও তার লোকজন তাকে রাস্তায় আটকে রেখে চাইনিজ চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত নয়নের শরীরে ১৩টি সেলাই দিতে হয়েছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ঘটনার পর সেনাবাহিনীর গোয়েন্দা শাখা বিষয়টি নজরে নেয় এবং রাতেই অভিযান পরিচালনা করে সাগরকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা ও একটি হাতঘড়ি।
২০ বছর বয়সী ডন সাগর দীর্ঘদিন ধরে হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, তার গ্যাং চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, "সেনাবাহিনী ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
স্থানীয় বাসিন্দারা জানান, ডন সাগরের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।