অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কুখ্যাত মাদকচক্রের হামলায় নূরাইন (২৫) নামের এক তরুণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে মুরগির ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, হামলাটি চুয়া সেলিম গ্রুপের নেতৃত্বে সংঘটিত হয়েছে।
আহতের স্ত্রী রোকসানা বলেন, “রাত ১২টার দিকে আমি বাচ্চাদের ওষুধ আনতে বাইরে গিয়েছিলাম। সেই সুযোগে চুয়া সেলিম গ্রুপের ফারুকসহ কয়েকজন বাসায় ঢুকে ঘুমন্ত অবস্থায় নূরাইনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।”
আহতের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ফারুক বলেন: “মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক যুবককে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার শরীরজুড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে চুয়া সেলিম গ্রুপ নামে একটি মাদকচক্র ত্রাস সৃষ্টি করে রেখেছে। এই গ্রুপটির বিরুদ্ধে মাদক বিক্রি, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন একাধিকবার অভিযান চালালেও চুয়া সেলিম ও তার সহযোগীরা গা ঢাকা দিয়ে ফের এলাকায় ফিরে আসে। ফলে সাধারণ ব্যবসায়ী ও বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।