অনলাইন ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে না পারা একদল কর্মী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলা এ অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী পুরো টাকা পরিশোধ করেও তাঁরা মালয়েশিয়া যেতে পারেননি। সময়ক্ষেপণ, প্রতিশ্রুতি ভঙ্গ ও দালালচক্রের হয়রানিতে তাঁরা দিশেহারা। কর্মীরা জানান, দীর্ঘদিন অপেক্ষা করে অনেকেই পরিবার-পরিজনের সহায় সম্পদ বিক্রি করে ফেলে এখন অর্থনৈতিক সংকটে রয়েছেন।
একজন কর্মী বলেন, “আমরা সব টাকা পরিশোধ করেছি, তারপরও যেতে পারিনি। বারবার আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এখন আমাদের মালয়েশিয়ায় পাঠাতে হবে।”
অন্য একজন বলেন, “ডিসি স্যার এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আলোচনা করবেন বলে সময় চেয়েছেন। দাবি মানা হলে আমরা আন্দোলন থেকে সরে আসব।”
মালয়েশিয়ায় যেতে না পারা সকল শ্রমিককে দ্রুত পাঠাতে হবে।
এদিকে বিক্ষোভ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর বেলা সাড়ে ১১টার কিছু পর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে আসেন এবং সার্ক ফোয়ারার আশপাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে শুরু করেন। এতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।