অনলাইন ডেস্ক
রাজধানীর মুগদা থানার মদিনাবাগ এলাকার ময়লার বস্তির পেছনে নিয়মিত মাদকের অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল গুরুতর আহত হন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা ও সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নিয়মিত মাদকের অভিযান শেষে ফেরার পথে পেছন থেকে অতর্কিতভাবে মাদক কারবারিরা বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে এসআই রাসেল গুরুতর আহত হন।’
ওসি আরও বলেন, ‘আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। প্রথমে আমাদের সহকর্মীর চিকিৎসা নিশ্চিত করতে হয়েছে, পরে ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করা হবে।’