অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে স্বর্ণের দাম এতদিনের উচ্চতম স্থরে পৌঁছে গেছে এবং কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। চলতি সপ্তাহেই স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো স্পট মার্কেটে ছুঁয়েছে প্রতি আউন্সে ৩,৯৬৯ ডলারের গণ্ডি। যদিও পরে সামান্য কমে ৩,৯৫৬ ডলারে দাঁড়ায়, তবুও বাজারে দাম প্রভাবিত হচ্ছে না। ফিউচার মার্কেটে দাম আরও বাড়ছে, যা নির্দেশ করছে মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
রয়টার্স জানায়, ২০২৪ সালে স্বর্ণের দাম বেড়েছিল প্রায় ২৭ শতাংশ। তবে চলতি বছর এখন পর্যন্ত ৪৯ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের চাহিদা, ডলারের দুর্বল অবস্থা এবং বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা।
বিশ্লেষকদের মতে, ইয়েনের দুর্বলতা, মার্কিন সরকারের অচলাবস্থা, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এসব কারণ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়েছে। কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “কম সুদের পরিবেশে স্বর্ণই সবচেয়ে লাভজনক বিনিয়োগ। বিশ্বজুড়ে মানুষ স্বর্ণ মজুতের দিকে ঝুঁকছে।”
বাংলাদেশি জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর এক সদস্য জানান, “আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও সেটি সমন্বয় করতে হয়। দেশীয় বাজারে স্বর্ণের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের কোনো হাত নেই।”
বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “আমেরিকার শুল্কনীতি নিয়ে টানাপোড়েন, চীন, রাশিয়া ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক, মধ্যপ্রাচ্যের ইসরায়েল-সংক্রান্ত উত্তেজনা—এসব কারণে ডলারের প্রতি আস্থা কমছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ মজুত করছে অনেক দেশ। পাশাপাশি খনির উৎপাদন হ্রাস ও সরবরাহের অভাবও দাম বৃদ্ধির কারণ।”
ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা, জাপানের উৎপাদন বৃদ্ধি এবং মার্কিন শাটডাউন পরিস্থিতিও স্বর্ণের দাম বাড়ানোর পেছনের আরেকটি কারণ।
গত মাসে স্বর্ণের দামে সামান্য স্থিতিশীলতা দেখা দিলেও মার্কিন সরকারের শাটডাউন শুরু হওয়ায় বাজার অস্থির হয়ে উঠেছে, যা বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি ঝুঁকি বাড়িয়েছে।
দেশের বাজারেও স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে ঘোষণা করে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩,১৫০ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।