অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা এলাকা বর্তমানে ছিনতাইকারীদের জন্য যেন এক ‘অভয়ারণ্য’ হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এলাকায় প্রকাশ্যে ছিনতাই ও চুরির ঘটনা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
বিশেষজ্ঞ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেকারত্ব ও শিল্পকারখানা বন্ধ হওয়ার প্রভাব সরাসরি পড়ছে এই এলাকায়। গাজীপুর ও টঙ্গী এলাকার কর্মহীন শ্রমিকরা অনেকেই জীবিকার অভাবে অপরাধে জড়িয়ে পড়ছে।
তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতা এবং এর পরের অর্থনৈতিক সংকটে গাজীপুরে অন্তত ৭২টি পোশাক কারখানা বন্ধ হয়েছে, যার মধ্যে ২৯টি বন্ধ হয় গত ৬ মাসেই। এতে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে পড়েছেন গভীর অনিশ্চয়তায়।
কারও ভাগ্যে রিকশা, কেউ রাস্তায় অপরাধে— এমন চিত্র এখন সাধারণ। হঠাৎ করে উত্তরার রাস্তায় রিকশা ও অটোরিকশার সংখ্যা বেড়েছে, স্থানীয়দের ধারণা, চাকরি হারানো বহু মানুষই রিকশা চালাতে নেমেছেন, তবে এর ফাঁকে কেউ কেউ ছিনতাইয়ের মতো অপরাধেও জড়িয়ে পড়ছেন।