অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তি মোতাল্লেছ হোসেন নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করেন বলে জানা গেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
২০ কোটি টাকার লেনদেন, ৫ কোটি টাকা ফ্রিজ
সিআইডির তথ্য অনুযায়ী, মোতাল্লেছ হোসেনের নামে খোলা ব্যাংক হিসাবগুলোতে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে।
ভুয়া প্রতিষ্ঠান ও পরিচয়ের আশ্রয়
জানা গেছে, অভিযুক্ত মোতাল্লেছ হোসেনের নামে “এম এল ট্রেডিং” নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, যার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকলেও বাস্তবে এর কোনো কার্যক্রম বা অস্তিত্ব নেই। তিনি কখনও নিজেকে গার্মেন্টস মালিক, কখনও চা-বাগান উদ্যোক্তা বা ঠিকাদার হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন।
এই সুযোগে তিনি বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে সহানুভূতি আদায় করে প্রায় ১৫ কোটি টাকা নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করেন এবং তা আত্মসাৎ করেন।
মামলা ও তদন্ত
এই ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে পল্লবী থানায় মামলা (নম্বর ১৯) দায়ের করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
সিআইডি জানায়, প্রতারণা চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।