অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকারের নিশ্চয়তা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ নিয়ে রাজধানীর কুয়ালালামপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
নির্বাচন কমিশনার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে।”
তিনি বিস্তারিতভাবে ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ প্রক্রিয়া তুলে ধরেন। এর মাধ্যমে প্রবাসীরা অনলাইনে আবেদন ও নিবন্ধন করে তাদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাবে। ভোট প্রদান শেষে নির্ধারিত খামে ব্যালট ফেরত পাঠানো যাবে, যা সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছবে। অনলাইনে ভোটের অবস্থা ট্র্যাক করার সুযোগও থাকবে।
ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা জানান, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহজ ও সফল করতে হাইকমিশন নির্বাচনের নির্দেশনা অনুযায়ী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
সভায় অংশগ্রহণকারীরা ভোটাধিকারের ঘোষণা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন প্রবাসী শ্রমিক বলেন, “আমরা এতদিন ভোট থেকে বঞ্চিত ছিলাম, এবার ভোট দিতে পারব বলে আনন্দিত।”
একজন শিক্ষার্থী বলেন, “বিদেশ থেকেও দেশের ভবিষ্যত নির্ধারণে অংশ নেওয়া আমাদের জন্য গর্বের। তবে প্রক্রিয়াটি যেন সহজ হয়।”
কমিউনিটি নেতা তালহা মাহমুদ বলেন, “ভোট দেওয়া আমাদের মৌলিক অধিকার। এনআইডি ও নিবন্ধনের প্রক্রিয়া আরও দ্রুত করা প্রয়োজন।”
সভা শেষে নির্বাচন কমিশনার প্রবাসীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।