অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, “প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি। তিনি যে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নই ইউনূস সাহেবের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল।”
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইউনূস দেশের উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা নিয়ে কথা বলেন। মির্জা ফখরুল তার বক্তব্যে জাতীয় ঐক্য ও চলমান রাজনৈতিক সংকট উত্তরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “ড. ইউনূস দূরদৃষ্টিসম্পন্ন একজন মানুষ। তার দুনিয়াজোড়া সুনাম রয়েছে। তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও স্বপ্ন ছিল। আমি তার মাঝে আমাদের প্রতিষ্ঠাতার প্রতিচ্ছবি দেখতে পাই।”
জুলাই মাসে হওয়া গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ সংগ্রামী, লড়াকু। সংকটকালে তারা জানে কীভাবে একসঙ্গে লড়াই করতে হয়। জুলাই আন্দোলন সে সত্যই প্রমাণ করেছে।”
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ছয় সদস্যের একটি রাজনৈতিক প্রতিনিধিদলের অংশ হিসেবে নিউইয়র্ক সফরে আছেন মির্জা ফখরুল। প্রতিনিধি দলে আরও রয়েছেন—
বিএনপি নেতা হুমায়ুন কবির
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের
জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
ফখরুল আশা প্রকাশ করেন, “আর পাঁচ মাস পর একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।”