নিজস্ব প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
মিঠুকে আদালতে হাজির করে রিমান্ড শুরু করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করেন।
গত ১০ সেপ্টেম্বর রাতে নিউমার্কেট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরে দুদকে হস্তান্তর করা হয়। দুদকের উপসহকারি পরিচালক জাকির হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও আদালত ১৮ সেপ্টেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, মিঠু অসৎ উদ্দেশ্যে প্রায় ৭৫ কোটি ৮০ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
তার বিরুদ্ধে সিন্ডিকেট গঠন করে স্বাস্থ্য খাতে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়ন কাজে প্রভাব বিস্তার করার পাশাপাশি দেশে-বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানাধীন রয়েছে।