অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের দুটি মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রথম মামলায় ১৭ জন এবং দ্বিতীয় মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় চার জনের বিরুদ্ধে এক ফরমাল চার্জ দাখিল করা হয়।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
দাখিলকৃত ফরমাল চার্জগুলো হলো—
১. গুম (টিএফআই) মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ।
২. গুম (জেআইসি) মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ।
৩. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় চারজনের বিরুদ্ধে ছয়টি অভিযোগ।
গত ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বেশ কিছু ঘটনার তদন্ত রিপোর্ট এ সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। তিনি বলেন, “গুমের মামলা জটিল হওয়ায় তদন্তের খুঁটিনাটি বিষয় যাচাই করছি। প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার কার্যক্রম এখন দ্রুত অগ্রসর হচ্ছে।