অনলাইন ডেস্ক
ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় আজও সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নাহিদ ইসলাম ৪৭ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন। সেদিন দুপুরে সাক্ষ্যগ্রহণ শেষে বিরতির পর স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা শুরু করেন। কিন্তু জেরা শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল আজকের দিন পর্যন্ত সাক্ষ্যগ্রহণ কার্যক্রম মুলতবি রাখে।
এই মামলায় আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. আমির হোসেন।
প্রসিকিউশনের পক্ষে আছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, সহিদুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশীদ প্রমুখ।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দিনের জবানবন্দি দেন নাহিদ ইসলাম।
একইদিন সকালে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করা হয়।
এই মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তাকে সাক্ষ্য দেওয়ানোর পর এই পর্ব শেষ হতে পারে।