নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
এদিন শুনানিতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আবিদ হোসেন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে ১৩ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হয় এবং বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন।
পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি এ মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করেন। আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আত্মহত্যা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন ২৫ নভেম্বর গ্রহণ করে সিএমএম আদালত।
তবে কমরউদ্দিন আহমদ চৌধুরী আদালতে রিভিশন আবেদন করেন এবং ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়।