নিজস্ব প্রতিবেদক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রেপ্তার হয়েছেন আরামিট গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ভারী শিল্প এলাকায় আরামিটের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসাইন গণমাধ্যমকে বলেন— “আরামিট পিএলসির ১১টি চেকের মাধ্যমে অনুমোদন ছাড়াই ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। এই অর্থ ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলারই অংশ।”
দুদক জানায়, গ্রেপ্তারের সময় চেক বইয়ের মুড়ি, প্রাসঙ্গিক প্রমাণপত্রসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর, দুদক আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম আব্দুল আজিজ এবং আরামিট পিএলসির উৎপল পালকে গ্রেপ্তার করে।
২১ সেপ্টেম্বর ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক মন্ত্রীর পারিবারিক গাড়িচালক ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে দুদক।