নিজস্ব প্রতিবেদক
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম।
দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম আদালতে এনায়েত করিমকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
গত ২০ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা, এবং দুই মেয়ে ফারহিন রিশতা ও তাহসিন রাইসার বিরুদ্ধে অর্থ পাচার মামলা দায়ের করেন।
বেনজীর আহমেদ অবৈধভাবে অর্জিত ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা নগদ উত্তোলন করে কোথাও বিনিয়োগ না করে বিদেশে পাচার করেন।
টাকা উত্তোলনের পরপরই তিনি বিদেশে পাড়ি জমান।
ওই অর্থের উৎস, মালিকানা ও ব্যবহার সম্পর্কে কোনো বৈধ তথ্য পাওয়া যায়নি।
অভিযোগপত্রে বলা হয়, র্যাব মহাপরিচালক ও আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বেনজীর ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অভিযোগে চারটি পৃথক মামলা করে দুদক।