নিজস্ব প্রতিবেদক
জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আদালতে লড়বেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।
রবিবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ উপস্থাপন উপলক্ষে উপস্থিত হন এই আইনজীবী। আদালতের কার্যতালিকা অনুযায়ী মামলাটি শুনানির জন্য ওঠে এদিন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালকে জানান, গত ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) মামলাটির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন ইনুর পক্ষে উকালতনামা দাখিল করবেন জেড আই খান পান্না, বিষয়টি নিশ্চিত করেছেন তার সহযোগী আইনজীবী নাজমুস সাকিব।
ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেড আই খান পান্না। সম্প্রতি প্রকাশিত ফোনালাপ রেকর্ডিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তিনি (ইনু) আন্দোলনকারীদের গ্রেফতার করার কথা বলেছেন, কিন্তু গুলি না চালিয়ে সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানোর কথা বলেছেন। এর মানে এই নয় যে, তিনি হত্যাকাণ্ডে উৎসাহ দিয়েছেন।"
তিনি আরও বলেন, "যদি কোনো হত্যাকাণ্ডে ইনু বা অন্য কেউ জড়িত থাকে এবং সেটি প্রমাণ করা যায়, তবে শাস্তি অবশ্যই হওয়া উচিত। কিন্তু সেটা গায়ের জোরে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে।"
বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নে তিনি বলেন, "এখন আমি বাসায় নিরাপদে ফিরতে পারব—এই গ্যারান্টি নেই। রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে চলছে না, উল্টাভাবে চলছে।"
তিনি অভিযোগ করেন, "মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক অনুষ্ঠানে হামলার পর হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ভিকটিমদের বিরুদ্ধেই মামলা হয়েছে।"
হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট ৮টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে:
উস্কানি ও ষড়যন্ত্র
হত্যা
প্রাণঘাতী অস্ত্র ব্যবহার
নিপীড়নমূলক কৌশলে সমর্থন
এই মামলায় ইনুই একমাত্র আসামি, এবং সোমবার তাঁকে আদালতে হাজির করার নির্দেশ রয়েছে।