অনলাইন ডেস্ক
বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি সামাজিক মাধ্যমে তাদের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করার পর এবার লেখককে ঘিরে আবেগঘন পোস্ট দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন।
রোববার (৫ অক্টোবর) নিজের ফেসবুক পেজে শাওন লেখেন হুমায়ূন আহমেদের আত্মজৈবনিক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ থেকে একটি হৃদয়স্পর্শী অংশ, যেখানে ক্যানসার আক্রান্ত অবস্থায় লেখকের শারীরিক-মানসিক সংগ্রাম ও সামাজিক বিদ্রুপের কথা উঠে এসেছে।
পোস্টে উল্লেখ করা হয়, হুমায়ূন আহমেদ নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসাকালীন সময় শাওনকে ফেসবুকে এক ব্যক্তি লিখেছিল— “তোমার উচিত শিক্ষা হয়েছে। আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন তোমার স্বামীর ক্যানসারের মাধ্যমে।”
শুধু তাই নয়, শাওনের প্রয়াত কন্যা লীলাবতীকে নিয়েও বিদ্রুপাত্মক মন্তব্য আসে, যা শাওনকে মানসিকভাবে ভেঙে দেয়। এ সময় হুমায়ূন আহমেদ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, “পৃথিবীতে মানসিক অসুস্থ অনেক মানুষ আছে। তাদের নিয়ে ভাবার দরকার নেই। আমরা ভাবব সুস্থ মানুষদের কথা।”
পোস্টে হুমায়ূন আহমেদের জীবনের একটি ঘটনার কথাও তুলে ধরেন শাওন। লেখক বলেন, একবার এক তরুণ কেবল এ কথা বলার জন্য দেখা করতে এসেছিল:“আপনার লেখা আমার জঘন্য লাগে। আমি চাই আপনি দ্রুত মারা যান।”
জবাবে হুমায়ূন আহমেদ শান্তভাবে বলেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি, তোমার জীবন দীর্ঘ এবং অর্থবহ হোক।”
গুলতেকিন খানের স্ট্যাটাস ও শাওনের পাল্টা পোস্ট ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই একে ব্যক্তিগত বিষয়ে অপ্রয়োজনীয় প্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—এগুলো একেকটি অপ্রকাশিত ইতিহাস, যা পাঠকের কাছে হুমায়ূন আহমেদের জীবন ও ব্যক্তিত্বের নতুন দিক উন্মোচন করছে।