অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাকসু কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের পর মিছিল বের করে তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে এসে শেষ হয়। এতে শিবিরের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন: “রাকসু নির্বাচন কমিশনারের এমন একতরফা সিদ্ধান্ত আমরা মানি না। একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতেই বারবার তারিখ পরিবর্তন করা হচ্ছে। ১৬ অক্টোবরের নতুন তারিখও কতটা স্থায়ী হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।”
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন: “এটি পূর্বপরিকল্পিত এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। এর আগেও মনোনয়ন ফরম বিতরণের সময় বাড়িয়ে ছাত্রদলকে সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন। আজকেও তাদের অবস্থান দেখে নির্বাচন পেছানো হয়েছে। আমরা এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”