ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতির আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিরোধের প্রতীক শহীদ আবরার ফাহাদের শাহাদাত দিবস উপলক্ষে আগামী ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম আজ (সোমবার) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান।
সাদিক কায়েম বলেন, “আবরার ফাহাদের শাহাদাত শুধু একটি ঘটনা নয়, এটি জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। আমরা সবাই মিলে তার আত্মত্যাগকে ধারণ করে আধিপত্যবাদবিরোধী চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলব, যেন প্রতিটি নাগরিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে ওঠে।”
তিনি আরও বলেন, “দেশজুড়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই দিনটি পালনের পাশাপাশি তরুণদের মধ্যে শপথ জাগ্রত করার প্রয়োজন, যাতে কেউ বিদেশি শক্তির আধিপত্য, প্রভাব বা অন্যায়ের কাছে মাথানত না করে।”
বিবৃতিতে শহীদ আবরার ফাহাদকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর হিসেবে উল্লেখ করে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাম্পাসে নির্মমভাবে ছাত্র খুনের মাধ্যমে জুড়েছিল। দীর্ঘ নির্যাতন, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদের মধ্য দিয়ে শহীদ আবরার ফাহাদের শাহাদাত পুরো জাতিকে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “বিরোধী মতাদর্শ লালন করলেই হত্যা করার যে বৈধতা তৈরি করেছিল ক্ষমতাসীনরা, তা ক্রমে প্রতিরোধের মুখে পড়ে শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চলমান লড়াই নতুন মাত্রা পেয়েছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী এই লড়াইয়ের পূর্ণতা আসে ২০২৪ সালের জুলাই বিপ্লবে, যেখানে শহীদ আবু সাঈদ, শান্ত, মুগ্ধ, ওয়াসিম, আলী রায়হান, তাহির, রিয়া গোপ ও নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে।”