অনলাইন ডেস্ক
মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়ায় আটকে পড়া কর্মীরা রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীরা জানান, তাঁরা নির্ধারিত এজেন্সির মাধ্যমে চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করেও মালয়েশিয়ায় যেতে পারেননি। অনেকেই দালালদের কাছে সর্বস্ব হারিয়েছেন, এখন বিদেশে যেতে না পারায় হতাশায় দিন কাটাচ্ছেন।
একজন বিক্ষোভকারী বলেন, “আমরা পুরো টাকা পরিশোধ করেছি, অথচ এখনো মালয়েশিয়া যেতে পারিনি। ঘুরতে ঘুরতে আমাদের হাতে আর কিছুই নেই। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আমাদের দ্রুত পাঠানোর ব্যবস্থা করে।”
অপর একজন বলেন, “ডিসি সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি ২০ মিনিট সময় চেয়েছেন এবং ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আলোচনা করবেন। আমাদের দাবি মানা হলে আন্দোলন তুলে নেব।”
মালয়েশিয়া যেতে না পারা সব কর্মীকে দ্রুত পাঠানোর নিশ্চয়তা দিতে হবে।
অবরোধের পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার আশ্বাস পাওয়ার পর বেলা সাড়ে ১১টার কিছু পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে সার্ক ফোয়ারার আশপাশে অবস্থান নেন। ফলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।