অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং পূজা উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যগণ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব শ্রেণি-পেশার মানুষের আবেগের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সামাজিক সম্প্রীতি ও ঐক্য নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে, যা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গোৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমি সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করছি। নিরাপদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”