অনলাইন ডেস্ক
ঢাকার আশুলিয়া এলাকায় গত বছরের জুলাই আন্দোলনের সময় তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই থানায় শাকিল আনোয়ার হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন।
পুলিশ জানায়, শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে, আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম এনামুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আদালত আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এনামুর রহমানের গ্রেফতার আবেদনে সম্মতি দেন।
শাওনের বড় ভাই মো. তৌহিদুল মিয়া অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট ঢাকার আশুলিয়া এলাকায় আন্দোলন চলাকালে আনিসুল ও তার সহযোগীদের গুলিতে তার ভাই শাওন নিহত হন। ওই মামলায় ১৮ জনের নাম উল্লেখ এবং ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অন্যদিকে, গত বছরের ৫ আগস্ট আশুলিয়া এলাকায় একই আন্দোলনের সময় শাকিল আনোয়ারকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বছরের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে পালানোর সময় আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এনামুর রহমানকে ২৬ জানুয়ারি ভাটারা থেকে গ্রেফতার করা হয় এবং পরদিন তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।