অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার (৬ অক্টোবর) জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের গুমের মামলার তদন্ত রিপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। আমি গতকালই জানিয়েছি, খুব শিগগিরই এ সপ্তাহের মধ্যে গুমের মামলার বেশ কয়েকটি ঘটনা সামনে আসবে। আপনাদের চোখে তা দৃশ্যমান হবে। তবে আজকের জন্য বিস্তারিত কিছু বলতে চাই না।”
বিচারে দেরি হওয়ার শঙ্কার প্রসঙ্গে তিনি বলেন, “বিভিন্ন মামলায় ফরমাল চার্জ দাখিল হচ্ছে এবং এরই মধ্যে তদন্তের জন্য প্রয়োজনীয় সময় ইতোমধ্যে শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর একটার পর একটার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এবং অনেকগুলো মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের মানুষ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার দেখতে চায়, এবং এই ট্রাইব্যুনাল সেই প্রত্যাশা পূরণে এগিয়ে যাচ্ছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন হবে।”
ওবায়দুল কাদেরের মামলা সম্পর্কে তাজুল ইসলাম বলেন, “সব ঘটনা একবারে শেষ হবে না, ধাপে ধাপে বিচার হবে। মামলাগুলো এখন পরিপক্ক পর্যায়ে রয়েছে। যথাসময়ে এর ফলাফল সামনে আসবে।”
প্রত্যেক আসামিকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি, “কেউ পালিয়ে বাঁচতে পারবেন না, দায়মুক্তি কেউ পাবে না। ন্যায়বিচার তার নিজ গতিতে চলবে।”
গুমের মামলার তদন্ত শেষ হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, “সব মামলার তদন্ত শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহের মধ্যে জমা দেওয়া হবে। কারণ এই মামলা গুলো অত্যন্ত জটিল এবং খুঁটিনাটি বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।”
প্রধান আসামি শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, “বাকিটুকু সময়ের মধ্যে দেখতে পারবেন।”