অনলাইন ডেস্ক
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক (মুক্তি) কে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
ডিএমপি সূত্র জানিয়েছে, কবিরুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা এখনও নির্ধারণ হয়নি।
কবিরুল হক ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর কবিরুল হক আত্মগোপনে চলে যান।
আত্মগোপনের মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিক দুর্নীতির মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও সরকারি প্রকল্পে অনিয়মে জড়িত ছিলেন।
গ্রেফতারের পর কবিরুল হককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।