অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ নবায়ন নীতির কারণে ব্যাংক খাতে ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস। সোমবার রাতে প্রকাশিত এক বিশ্লেষণে সংস্থাটি জানিয়েছে, খেলাপি ঋণ আদায়ের পরিবর্তে ‘অনাদায়ি সংস্কৃতি’ আরও গভীর হতে পারে।
গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে জানায়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন শুধু ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ নবায়ন করতে পারবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর, যার মধ্যে প্রথম ২ বছর থাকবে গ্রেস পিরিয়ড। এছাড়া ঋণসংক্রান্ত মামলাগুলো নবায়নের পর স্থগিত রাখা হবে।
মুডিস তাদের প্রতিবেদনে এই নীতিকে ব্যাংক খাতের জন্য ‘ক্রেডিট নেগেটিভ’ হিসেবে উল্লেখ করে বলেছে, “সাময়িকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমে গেলেও দীর্ঘ মেয়াদে ঋণ আদায় বাধাগ্রস্ত হবে।
গ্রাহকের প্রকৃত পরিশোধ সক্ষমতা যাচাই বিলম্বিত হবে। এতে ব্যাংক খাতের স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।”
সংস্থাটি আরও জানিয়েছে, ২০২২ সালেও একই ধরনের ছাড় দিয়ে কোনো সুফল পায়নি ব্যাংক খাত।