অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় দুই হাজার ৩৩৬ বর্গফুট অফিস স্পেস সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক নতুন ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’র জন্য বরাদ্দ দিয়েছে।
গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ বরাদ্দ দেন। এই অফিস থেকেই ভবিষ্যতে ব্যাংকের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হবে।
ব্যাংকের চেয়ারম্যান পদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নানকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে, তবে আনুষ্ঠানিক অনুমোদন এখনও আসেনি।
একীভূতকরণের ফলে নতুন ব্যাংকটির শাখার সংখ্যা হবে ৭৬০টি। পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সেবা অব্যাহত থাকবে এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের উন্নতি হিসেবে কাজ করবে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে।
তবে শেয়ারহোল্ডারদের স্বার্থ, ব্যবস্থাপনা কাঠামো এবং প্রযুক্তিগত সমন্বয় নিয়ে এখনো কিছু বিষয় সমাধানের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকের পূর্ণ কার্যক্রম শুরুর আগে কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সকল কিছু সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।