বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ও লোগো ব্যবহার করে ঋণ দেওয়ার প্রলোভনে চালু হওয়া একাধিক ভুয়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক আনুষ্ঠানিক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু ভুয়া ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য—যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল এবং জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে আর্থিক প্রতারণা, পরিচয় চুরি এবং আইনি জটিলতায় ফেলার ঝুঁকি রয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, dbbloan.com, bblloan.com এবং www.bdloan71.com নামের ওয়েবসাইটগুলো বাংলাদেশ ব্যাংক বা আইএমএফ-এর সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। জনগণকে এসব ওয়েবসাইট বা অ্যাপে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য প্রদান কিংবা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া জনসাধারণের কাছ থেকে বিনিয়োগ গ্রহণ বা ঋণ প্রদান সম্পূর্ণভাবে বেআইনি। এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সকল নাগরিককে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ভুয়া আর্থিক প্ল্যাটফর্মে তথ্য প্রদান বা লেনদেন করলে এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হতে পারে।