অনলাইন ডেস্ক
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহ বোনাস প্রদান সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠানে বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে এবং তা নিট মুনাফার ভিত্তিতে হিসাব করে প্রদান করতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
এক বছরে তিনটির বেশি উৎসাহ বোনাস দেওয়া যাবে না।
উৎসাহ বোনাস শুধুমাত্র নিট মুনাফা (net profit)-এর ভিত্তিতে দিতে হবে।
নিট মুনাফা নির্ধারণে ব্যাংকের পরিচালন মুনাফা থেকে:
ঋণ ও অগ্রিমের প্রভিশন
বিনিয়োগের মূল্য হ্রাস-বৃদ্ধির প্রভিশন
অন্যান্য সম্পদের প্রভিশন বাদ দিতে হবে।
এ নির্দেশনার ফলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আর ঢালাওভাবে বোনাস দিতে পারবে না।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এতদিন উৎসাহ বোনাস প্রদানে সুনির্দিষ্ট শৃঙ্খলা না থাকায় অনেক ব্যাংক নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত বোনাস দিয়ে আসছিল। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বৃহৎ ব্যাংকগুলো এ ক্ষেত্রে বেশ এগিয়ে ছিল।
উদাহরণস্বরূপ, সোনালী ব্যাংক ২০২৩ সালে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাসের সীমা লঙ্ঘন করে পাঁচটি উৎসাহ বোনাস প্রদান করে। এ নিয়ে চলতি বছরের ২৭ মার্চ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে অতিরিক্ত দুটি বোনাসের অর্থ ফেরত আনার নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
তবে সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কেউ ওই অর্থ ফেরত দেননি। একই প্রবণতা দেখা গেছে অন্যান্য ব্যাংকেও।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, “উৎসাহ বোনাস প্রদান ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই এক ধরনের বিশৃঙ্খলা ছিল। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেই এই অভিন্ন নীতিমালা জারি করা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।”